Friday, May 6, 2016

নাজকা নাইন

পৃথিবীর বিভিন্ন স্থানে এমন সব নিদর্শন আছে যা আমাদের প্রচলিত অনেক বিশ্বাসে ফাটল ধরিয়ে দিতে পারে মুহূর্তের মাঝে। তেমনই একটি নিদর্শন হলো পেরুর প্রাচীন নাজকা লাইন। নাজকা উচ্চভূমির বিরান মাটিতে নিখুঁত কৌশলে ফুটিয়ে তোলা বিভিন্ন প্রাচীন চিত্রের অস্তিত্ব আপনাকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে এলিয়েনদের নিয়ে।

এই নাজকা লাইন হলো পেরুর প্রাচীন ইনকা সভ্যতার নিদর্শন। কিন্তু বিশাল এলাকা জুড়ে আঁকা এসব রেখাচিত্র কি সেই প্রাচীন মানুষের পক্ষে এঁকে রাখা সম্ভব? এই রেখাচিত্র কারা তৈরি করলো, কেনই বা করলো সে ব্যাপারে সঠিক তথ্য আজও অজানা। কেউ বলেন এগুলো হলো ইনকাদের স্বর্গীয় পঞ্জিকা। কেউ বলেন ইনকাদের দেবতাদের নিদর্শন এই বিশাল চিত্র। আবার কারও কারও মতে, এগুলো হলো এলিয়েনদের মহাকাশযান অবতরণের স্থান।

খ্রিস্টপূর্ব ২০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মাঝে কোনও এক সময়ে এই রেখাচিত্র তৈরি করা হয়। শুধু ইনকা সভ্যতাই নয়, এমন রহস্যময় রেখাচিত্র রয়েছে মিশর, মাল্টা, আমেরিকার মিসিসিপি এবং ক্যালিফোর্নিয়া, চিলি,বলিভিয়া এবং অন্যান্য দেশেও। কিন্তু নাজকায় এসব রেখাচিত্র এত বড়, বিচিত্র এবং এত বেশী সংখ্যায় রয়েছে যে তা স্বাভাবিকভাবেই আকৃষ্ট করে বিভিন্ন ধারার গবেষকদের। নাজকা এবং পালপা নগরীর মাঝে অবস্থিত এই ৪০০ বর্গমাইল মরু এলাকা জুড়ে রয়েছে তিন শতাধিক রেখাচিত্র যাতে ব্যবহৃত হয়েছে সরলরেখা এবং বিভিন্ন জ্যামিতিক আকৃতি যা মাটি থেকে বোঝা না গেলেও আকাশ থেকে স্পষ্ট দেখা যায়। ১৯২০ সালে পেরুর মরুভূমির ওপর দিয়ে বিমান চলাচল করতে শুরু করে। তখন থেকেই এসব রেখাচিত্র মানুষের চোখে পড়া শুরু করে। বিমানের যাত্রীরা বলেন তারা এই মরুভূমির ভেতরে নাকি ল্যান্ডিং স্ট্রিপ এর মতো আকৃতি আঁকা দেখতে পান। বর্তমানে বন্যা, বিদ্যুতের পাওয়ার লাইন ইত্যাদির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকা।

নাজকার মাটিতে এই রেখাচিত্র কেন এত স্পষ্টভাবে বোঝা যায় আর এত বছর পরেও কিভাবে এগুলো টিকে আছে? এগুলো তো ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবার কথা, তাই না? কিন্তু তা হয় না। মরুভূমির উপরের স্তরের মাটির রঙ একটু গাঢ়, আবার নিচের স্তরের মাটির রঙ তার তুলনায় হালকা। ওপরের মাটি সরিয়ে নিচের মাটিতে দাগ টানা হয়েছিলো, যার ফলে হালকা-গাঢ় মাটির মাঝে এই নকশা
স্পষ্ট বোঝা যায়। শুধু তাই নয়, এই এলাকার জলবায়ুও এমন যে সেটা এই রেখাচিত্র ক্ষয় করার জন্য যথেষ্ট নয়। ফলে এই রেখা রয়ে গেছে যুগ যুগ ধরে অবিকৃত। যারা এই রেখাচিত্র তৈরি করেছিলো তারা নিঃসন্দেহে এসব ব্যাপার মাথায় রেখেই করেছিলো। যদি এটা ইনকা সভ্যতার মানুষের তৈরি হয়, তবে তার মানে হলো এই কাজ করতে তাদের প্রচুর সময়, শ্রম এবং মেধা ব্যয় করতে হয়েছে। এর আরও একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো, প্রযুক্তিগত দিক থেকে উন্নত এলিয়েনরা সেই প্রাচীন সময়ে এইসব রেখাচিত্র অঙ্কন করে গেছে পেরুতে। তাদের পক্ষে এই কাজটি করা তেমন কঠিন কিছু নয়।

বিভিন্ন রকমের নকশা করে এসব রেখাচিত্র আঁকা আছে। একেবারে পেন্সিলের রেখার মতো স্পষ্ট এসব রেখাচিত্রে আঁকা আছে বিভিন্ন প্রাণী, ফুল-গাছপালা, বস্তু এমনকি একটি রহস্যময় ছবি যা দেখে মনে হয় একজন মানুষ মহাকাশচারীর পোশাক পরে আকাশের দিকে হাত নাড়ছে। এমন একটি ছবি আছে যা দেখে মনে হয় একটি
প্রাণীর দুইটি হাত আছে, যার একটি হাত সাধারণ কিন্তু অপরটিতে রয়েছে চারটি আঙ্গুল। মানুষের ব্যবহার্য তাঁত, উল এবং বালা জাতীয় অলংকারের ছবিও রয়েছে। এই রেখাচিত্রগুলোর দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, মানুষের চলার পথ হিসেবেও এসব রেখা ব্যবহার করা যেতে পারতো। অনেকগুলো রেখাচিত্র থেকে দেখা যায় বিস্ময়কর রকমের নিখুঁত জ্যামিতিক আকৃতি। মনে হয় তারা দিক নির্দেশ করছে। এলিয়েনদের মহাকাশযানের
ল্যান্ডিং স্ট্রিপ তো মনে হয় কয়েকটাকে। কোনওটি দেখে আবার মনে হয় খুব যত্ন করে স্কেল দিয়ে মাটিতে ছক কেটে রেখে গেছে কেউ।

যদিও রহস্যময় এসব রেখাচিত্রের ব্যাপারে কোনও সঠিক তথ্য জানা যায়নি, তবে যুগে যুগে গবেষক এবং লেখকেরা বিভিন্ন তত্ব দিয়েছেন এর ব্যাপারে। ১৯২৭ সালে তোরিবিয় মেজিয়া জেস্প নামের এক লেখক এবং নৃতত্ববিদ সর্বপ্রথম এসব ইনকান নিদর্শনের ব্যাপারে আগ্রহ দেখান। মিশেল কো এর মতে, ইনকাদের কোনও ধর্মীয় রীতিনীতি পালনের সময়ে এসব রেখার ওপর দিয়ে হাঁটতে হতো এদের। তবে ১৯৬৮ সালে এরিক ফোন দানিকেনের বই “চ্যারিয়ট অফ দ্যা গডস” এ দাবি করেন, এসব রেখাচিত্র হলো প্রাচীন মহাকাশচারীদের তৈরি এলিয়েনদের ল্যান্ডিং স্ট্রিপ। কিন্তু মরুভূমির এই মাটি ল্যান্ডিং এর জন্য যথেষ্ট উপযুক্ত ছিলো না। এলিয়েনরা চলে যায় এবং আর ফিরে আসে না। তাদেরকে ফিরিয়ে আনার জন্য মাটিতে বিভিন্ন রকমের আকৃতি আকে মানুষেরা, যাতে মহাকাশ থেকে সেগুলো দেখতে পায় এলিয়েনরা এবং ফিরে আসে। রবিন এডগার এর মতে, সূর্যগ্রহণের সময়ে আকাশে “দেবতার চোখ” দেখতে পেত ইনকারা এবং তা থেকেই তারা এসব রেখাচিত্র অঙ্কনের অনুপ্রেরণা পায়। বেশ কিছু সূর্যগ্রহণের সময়ের সাথে এসব রেখাচিত্র অঙ্কনের সময় মিলে যায়। এমনকি শীতকালের আগমনের সাথেও রয়েছে এসব রেখাচিত্রের সংযোগ। নাজকা লাইনের পেছনে এলিয়েনদের হাত রয়েছে- এটা সমর্থনের জন্য রয়েছে আরও একটি ব্যাপার। কোড ম্যাট্রিক্স সিস্টেমে স্থাপিত এই রেখাচিত্রগুলো।

জেমাট্রিয়া নামের একটি প্রাচীন সংখ্যাতত্বের ওপর ভিত্তি করে এই রেখাচিত্রগুলোর অবস্থান ঠিক করা হয়। শুধু ইনকা সভ্যতাই নয়, গ্রিক, মিশরীয়, পারস্য, ব্যাবিলনিয় এবং রোমান সভ্যতায় এই সংখ্যাতত্ব ব্যবহৃত হতে দেখা যায়, দেখা যায় প্রাচীন বাইবেলে। পৃথিবীর সব পুরনো অথচ উন্নত সভ্যতায় কেন এই সংখ্যাতত্বের ব্যবহার? পৃথিবীব্যাপী এই পদ্ধতি কারা প্রচলন করলো? এলিয়েনদের পক্ষেই তা সম্ভব।

মারিয়া রিচ নামক এক জার্মান গণিতবিদ এবং প্রত্নতত্ববিদ নাজকা লাইন নিয়ে গবেষণার জন্য প্রসিদ্ধ। তিনি বিশ্বাস করতেন এসব লাইন তৈরিই করা হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন তারকাপুঞ্জের নির্দেশনায় আর আসলেও দেখা যায়, কালপুরুষ এবং সপ্তর্ষিমণ্ডল নির্দেশ করছে মাকড়সা এবং বানরের মতো দুই রেখাচিত্র।

হতে পারে এই লাইন গুলি মানুষের দ্বারা বানানো আবার হতে পারে এগুলো বানাতে মানুষকে এমন কিছু সাহায্য করেছিল যার জন্ম এই পৃথিবীতে নয়। তবে নাজকা লাইন এখনও রহস্যই রয়ে গেছে।

No comments:

Post a Comment